গোপনে টিউলিপের তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ গোয়েন্দারা
যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।
তারা বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে যে গোপন বৈঠক করেছেন তার আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
বাংলাদেশ সরকারের সূত্র জানায়, বৈঠকে এনসিএর প্রতিনিধিদল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগ তদন্ত করার প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাজ্যের এনসিএ-এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেন। এরপর ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এর আয়োজন করে।
