ইজতেমায় তিন হত্যা : সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার
১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি খুনের ঘটনায় সাদপন্থিদের মুখপাত্র ও মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। নূর ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থিদের মূখপাত্র হিসেবে পরিচিত ও জুবায়ের পন্থিদের দায়েরকৃত হত্যা মামলার ৫ নম্বর আসামি।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে পুলিশ ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, টঙ্গী ইজতেমা মাঠে তিন খুনের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে জিএমপির সিনিয়র পুলিশ কর্মকর্তারা ছিলেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান নূর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
