ফোনে হাসিনার হুমকি প্রসঙ্গে যা বললেন ফারুকী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার- সব বিষয় নিয়েই কথা বলেছেন এই নির্মাতা। এবার আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন ফারুকী।
সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যা বেশ আলোচনার সৃষ্টি করেছে। অডিও রেকর্ডে তার দেশে ফেরার কথাও শোনা গেছে। কখনো আবার অন্তর্বর্তী সরকার, বিএনপি-জামায়াত নিয়েও মন্তব্য করেছেন তিনি।
রবিবার (২৮ অক্টোবর) রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘জামায়াতকে যে রকম ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনো হচ্ছে। আওয়ামী লীগকেও ২০২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যত দ্রুত বুঝবে ততই তাদের এবং দেশের মঙ্গল।
পোস্টের সবশেষে শেখ হাসিনাকে উদ্দেশ করে ফারুকী লিখেছেন, ‘আর ফোনে এসব হুমকি-ধমকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম, কিভাবে সে মনস্টার হয়ে উঠল।’
