শিক্ষার্থী-পুলিশ ব্যাপক সংঘর্ষ, উত্তাল পশ্চিমবঙ্গ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে (৩১) ধর্ষণ ও হত্যার বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার রাজ্যের সচিবালয় নবান্ন অভিমুখে যাত্রা করেন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শিক্ষার্থীরা।
বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেন, অনেক জায়গা থেকে নির্যাতনের খবর আসছে। রাজ্য ও কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনে দমন-পীড়ন না চালানোর আহ্বান জানান তিনি।
এদিকে আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তবে তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ বলেন, বিজেপির চক্রান্ত ভেস্তে গেছে বলেই ধর্মঘটের ডাক দিয়েছে। বুধবার জনজীবন স্বাভাবিক থাকবে।
এদিকে আটক বিক্ষোভকারীদের ছাড়িয়ে আনতে গতকাল বিকেলে লালবাজার ঘেরাও করে বিজেপি। সুকান্ত মজুমদার, রুদ্রনীল ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতারা মিছিলের নেতৃত্ব দেন। তবে লালবাজারে পৌঁছানোর আগেই তাঁদের আটকে দেয় পুলিশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এএফপি
