চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

সিলেটের সময় ডেস্ক :

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় শনিবার বিকেলের পর এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাতে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতরা হলেন- শ্রীকান্ত ধর (৬৫), তাঁর ছেলে লিটু ধর (২৯) ও সিএনজিচালিত অটোরিকশার চালক আলী আজগর (৩০)।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশা শান্তিরহাট এলাকায় পৌঁছালে সেটা হঠাৎ উল্টে যায়। এ সময় কক্সবাজারমুখী একটি কন্টেইনারবাহী লরি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান লিটু ধর। পরে আহত অবস্থায় এক যাত্রী ও সিএনজি চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বাবা-ছেলে দুজনই বাড়ি থেকে মনসা পূজা শেষে নগরীতে ফিরছিলেন। পেশায় তারা দন্ত চিকিৎসক। পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকায় তাদের বাড়ি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তারা।

এ বিভাগের অন্যান্য