১৩০ বছর বয়সে হজে নারী, যেভাবে বরণ করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক ঃ
সৌদি আরবে হজ করতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন ১৩০ বছর বয়সী এক বৃদ্ধা। আলজেরিয়ার অধিবাসী এই নারীর নাম সারহৌদা সেটিত। এ বছর হজযাত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সারহৌদা সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি এয়ারলাইনসে করে হজে গিয়েছেন সারহৌদা। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদযাপন করা হয়েছে।
হজ পালনে প্রবীণ এ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজযাত্রার প্রশংসা করা হয়।
সৌদি কর্তৃপক্ষ এ বছর ১৫ লাখের বেশি হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহেই হজযাত্রীদের আগমন শুরু হয়েছে।
