যশোরে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা
যশোরে মধ্যরাতে আলী হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বাহাদুরপুর এলাকার রহমতের ছেলে। পুলিশ বলছে, জমিজমাসংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা রহমত আলী বলেন, রাতে আলী হোসেন বাড়ির বাইরে ছিল। আমি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আশপাশের লোকজন এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে জানায়, ছেলেকে কারা যেন গুলি করেছে। আমি জানতে পারি তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে কয়েকজন এসে আমার ছেলের মাথায় গুলি করে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিকদের জানান, আলী হোসেনের বিরুদ্ধে মাদক, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিসংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচনী কোনো বিষয় আছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে।
