গাজার জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে ৩২
মধ্য গাজার নুসিরাত শরণার্থীশিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ইসরায়েলি যুদ্ধবিমান মধ্য গাজার নুসিরাত শরণার্থীশিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালালে কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এর আগে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছিলেন, নুসিরাত শরণার্থীশিবিরের স্কুলের ওপরের তলায় একটি ইসরায়েলি যুদ্ধবিমান দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামাসের মিডিয়া অফিস প্রথমে জানিয়েছিল, অন্তত ২৭ জন নিহত হয়েছে।
সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও ফুটেজে ধ্বংসপ্রাপ্ত ক্লাসরুম এবং কাফনে মোড়ানো অনেক মৃতদেহ দেখা গেছে। অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকারী দল আহত ও মৃতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে।
হামলায় আহত একজন নারী ভিডিওতে চিৎকার করে বলেছেন, ‘যথেষ্ট যুদ্ধ হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি এই হামলাকে ‘গণহত্যা এবং জাতিগত নির্মূল’-এর স্পষ্ট প্রমাণ বলে অভিহিত করেছে। মিডিয়া অফিসের একজন মুখপাত্র ইসমায়েল আল-থাওয়াবতা এই হামলাকে ‘ভয়ংকর গণহত্যা’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে, তাদের যুদ্ধবিমানগুলো ওই এলাকায় জাতিসংঘের একটি স্কুলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যেখানে নুসিরাতের হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বাহিনী বলছে, সেখানে ‘হামাসের কম্পাউন্ড’ ছিল।
সূত্র : আলজাজিরা
