ছত্তিশগড়ে খালে পিকআপ, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ভারতের ছত্তিশগড়ের কাওয়ার্ধার সোমবার একটি গাড়ি উল্টে ২০ ফুট গভীর খালে পড়ে যায়। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। আহতদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গণমাধ্যমটির তথ্য অনুসারে, প্রাথমিকভাবে জানা গেছে, একটি ছোট মালবাহী গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন বাইগা আদিবাসী সম্প্রদায়ের ২৫-৩০ জন। বাহপানি এলাকার কাছে মালবাহী গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার পরই সেটি গিয়ে পড়ে পার্শ্ববর্তী ২০ ফুট গভীর খালে।

 

পরে পুলিশ ও উদ্ধারকারী দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িতে থাকা প্রত্যেকেই কুই গ্রামের বাসিন্দা।

তারা কেন্দুপাতা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। বাইগা সম্প্রদায়ের মানুষরা বংশপরম্পরায় বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত। বিড়ি তৈরির অপরিহার্য উপাদান হল কেন্দুপাতা। মার্চ থেকে মে মাস হলো কেন্দুপাতা সংগ্রহের আদর্শ সময়। 

এ ছাড়া এনডিটিভি জানিয়েছে, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেছেন, কাওয়ার্ধায় শ্রমিকদের নিয়ে গাড়ি উল্টে হতাহতের খবর অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের সবার পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে। আহতদের সবার দ্রুত আরোগ্য করেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিযুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ বিভাগের অন্যান্য