জামিন নাকচ, বিএনপি নেতা ইশরাক কারাগারে

সিলেটের সময় ডেস্ক :

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে ‘উসকানি’ দেওয়ার মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

এ মামলায় তার জামিন আবেদন নাকচ করে আজ রবিবার (১৯ মে) ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল।

 

আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ কালের কণ্ঠকে বলেন, ‘গত বছর ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ইশরাক হোসেন নামে ১৩টি মামলা হয়। একটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। গত ২৯ ফেব্রুয়ারি বাকি ১২ মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান তিনি।’

এ আইনজীবী বলেন, ‘জামিনের শর্তে বলা হয়েছিল ছয় সপ্তাহের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।

গত ২৪ এপ্রিল জামিনের মেয়াদ শেষ হওয়ার আগের দিন গত ২৩ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা হয়। সেদিন আদালত ১৯ মে শুনানির তারিখ রেখে এ কয়দিন অন্তর্বর্তী জামিন দেন। আজ শুনানির পর ১১ মামলায় জামিন দিলেও এ মামলায় জামিন আবেদন নাকচ করে ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’ খুব শিগগিরই হাইকোর্টে এ মামলায় ইশরাকের জামিন আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী।
গত বছর ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলা করেন। মামলায় মার্কিন প্রেসিডেন্টের ‘উপদেষ্টা’ পরিচয় দিয়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা মিঞা জাহিদুল ইসলাম আরেফীর পাশাপাশি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়।

বাদীর অভিযোগ, মামলার ২ নম্বর আসামি হাসান সারওয়ার্দী এবং ৩ নম্বর আসামি ইশরাক হোসেন আরেফীকে ‘মিথ্যা বক্তব্য দিতে সহযোগিতা’ করেন এবং তার বক্তব্য সমর্থন করে বিএনপি নেতাকর্মীদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে ‘উসকানি’ দিয়েছিলেন।

এ বিভাগের অন্যান্য