মৌলভীবাজারে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজারে গণধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার (১৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন-মৌলভীবাজারের রাজনগরের ছিক্কা এলাকার আবারক মিয়া (২২) ও দক্ষিণ কাসিমপুরের জয়নাল মিয়া (৪০)।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ ও আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন ও অ্যাডভোকেট বিল্লাল হোসেন।

মামলার সুত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে বিকেল ৩টার দিকে ভুক্তভোগী রাশেদা বেগম (৩০) বালাগঞ্জের অইয়া এলাকার নিজ বাড়ি থেকে থেকে ধান কিনতে ৭০ হাজার টাকা নিয়ে রাজনগরের উদ্দেশে বের হন। সন্ধ্যার পরও বাড়িতে না যাওয়ায় বোন রায়শা বেগম রাশেদাকে ফোন দিয়ে জানতে পারেন তিনি রাজনগরে আবারক মিয়া নামে তার পরিচিত এক ব্যক্তির বাড়িতে যাচ্ছেন। এরপর থেকে রাশেদার কোনো খোঁজ পাওয়া যায়নি। এর দুই দিন পর মাছু গাঙ্গে (খালে) রাশেদার মরদেহ পাওয়া যায়।

পরে ২০১৮ সালের ২ জুন রাশেদার ভাই আব্দুল খালিদ বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ জানান, আসামীদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য