শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। এদিন সকাল ৭টায় তাঁর ঢাকার সরকারি বাসভবন বঙ্গভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হওয়ার কথা। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। নিজের পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতেও অংশ নেবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, ‘প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় আসবেন। দলীয় নেতা আমরা যারা আছি, সবাই প্রধানমন্ত্রীকে টুঙ্গিপাড়ায় স্বাগত জানাব।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর আগমন নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিন বিকেলে তিনি সড়কপথে আবার ঢাকায় ফিরে যাবেন।
