ইউরোপে যুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলেন পোলিশ প্রধানমন্ত্রী
পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপ এখন ‘প্রাক-যুদ্ধের যুগে’ এবং সমগ্র মহাদেশের ভালোর জন্য ইউক্রেনকে রাশিয়ার কাছে পরাজিত হতে দেওয়া উচিত হবে না। রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালানোর পর তাঁর এ মন্তব্য এলো।
ইউরোপীয় কাউন্সিলের সাবেক সভাপতি টুস্ক বলেছেন, যুদ্ধ ‘আর অতীতের ধারণা নয়। এটি বাস্তব এবং দুই বছর আগে শুরু হয়েছে’।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে বলেছেন, ন্যাটো দেশগুলোর প্রতি মস্কোর ‘কোনো আগ্রাসী অভিপ্রায় নেই’।
পাশাপাশি পুতিন সতর্ক করে এ-ও বলেছেন, ইউক্রেন যদি অন্যান্য দেশের বিমানঘাঁটি থেকে পশ্চিমা এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে তবে সেগুলো ‘বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, যেখানেই সেগুলোর অবস্থান হোক’।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর পশ্চিমের সঙ্গে দেশটির সম্পর্ক কোল্ড ওয়ারের সবচেয়ে খারাপ দিনগুলোর পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
ইউক্রেনে সর্বশেষ রুশ হামলায় প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের জন্য জরুরি সামরিক সহায়তার আবেদন জানিয়েছেন টুস্ক।
টুস্ক ২০২৩ সালের শেষের দিকে পোলিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় গণমাধ্যমের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎকার ব্যবহার করেছিলেন মহাদেশের চারপাশের নেতাদের তাঁদের প্রতিরক্ষা জোরদার করার জন্য। তিনি বলেছিলেন, ইউরোপের ‘ন্যাটোর সমান্তরাল কাঠামো’ তৈরি করার দরকার নেই। তবে যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জিতুক না কেন, সামরিকভাবে আরো স্বয়ংসম্পূর্ণ হলে মহাদেশটি দেশটির কাছে আরো আকর্ষণীয় অংশীদার হবে।
এ ছাড়া ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট টুস্ক সতর্ক করেছেন, ইউরোপকে আগে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত টুস্ক যখন প্রথমবারের মতো পোলিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, তখন তিনি বলেছিলেন, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর বাইরে আরো কয়েকজন ইউরোপীয় নেতা রাশিয়াকে সম্ভাব্য হুমকি বলে উপলব্ধি করেন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সর্বশেষ সতর্কবার্তাটি বাল্টিক দেশগুলোতে তাঁর প্রতিবেশীরা অনেক সময়ের জন্য যা বলে আসছে তার প্রতিধ্বনি করে। রাশিয়া যদি ইউক্রেনের সব প্রদেশে আক্রমণ, দখল ও একত্র করতে সক্ষম হয় তবে প্রেসিডেন্ট পুতিন তাদের মতো দেশগুলোর বিরুদ্ধে একই ধরনের আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেওয়ার আগে তারা কতক্ষণ ভয় পাবে?
পশ্চিম ইউরোপের তুলনায় রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটো দেশগুলোতে মাথাপিছু প্রতিরক্ষা ব্যয় লক্ষণীয়ভাবে বেশি। ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, ন্যাটো দেশকে আক্রমণ করার তাঁর কোনো পরিকল্পনা নেই। কিন্তু এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাসের মতো বাল্টিক নেতারা বলছেন, মস্কোর কথা বিশ্বাস করা যায় না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দিকে এগিয়ে যাওয়ার দিনগুলোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আসন্ন আক্রমণের পশ্চিমা সতর্কতাকে ‘প্রোপাগান্ডা’ এবং ‘পশ্চিমা হাইপারবোল’ বলে প্রত্যাখ্যান করেছিলেন।
সূত্র : বিবিসি, এএফপি
