অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

সিলেটের সময় ডেস্ক :

 

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজারে অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে জয়নাল আবেদীন (৪৫) নামের এক রিকশাচালক পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। গতকাল মঙ্গলবার রাতে মধুবাগের ৩ নম্বর গলির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় জয়নাল আবেদীনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নাল আবেদীন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মোজা মিয়ার ছেলে।

মৃতের স্ত্রী মঞ্জিলা বেগম জানান, তার স্বামী আগে রিকশা চালাতেন। তিনি ৩/৪ বছর যাবৎ শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। বর্তমানে তিনি কিছুই করতে পারতেন না, বাসায় থাকতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি বলেন, ‘আমি বাসাবাড়িতে কাজ করি ও আমাদের মেয়ে ঝর্না (১৩) গার্মেন্টসে কাজ করে। আর ছেলে মহিম (৪) তার বাবার সঙ্গে বাসায় থাকতো।’

ঘটনার সময়ে তিনি কাজে ছিলেন জানিয়ে মঞ্জিলা বেগম বলেন, ‘মেয়ে বাসায় ছিল, সেও খেয়াল করেনি। যখন দেখতে পায়, তার বাবা কাতরাচ্ছেন, তখন সে দ্রুত গিয়ে আমাকে সংবাদ দেয়। পরে এসে উনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

তার ধারণা, অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে আহত হয়েছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য