কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশন সংলগ্ন উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা গুরুতর।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে। লাইনচ্যুত হওয়া বগিগুলো ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী লাইনে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুরসহ চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে অন্যান্য ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন জানান, দুপুর ১ টা ৩৫ মিনিটে বিকট শব্দে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত হওয়ার পর বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে-ছটিয়ে পড়ে।
বেলা ২ টা ৫০ মিনিটে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাইনি। দুর্ঘটনার কারণ রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে।
