৩ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে সাদুল্লাপুরে

সিলেটের সময় ডেস্কঃ

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। মোট ২৯টি কেন্দ্রে ৬৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর রহমান।

তিনি জানান, নির্বাচনী মাঠে আইন-শৃঙ্খল রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোটের মাঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টিমও থাকছে। তা ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, সাদুল্লাপুরে পৌরসভা গঠনের লক্ষ্যে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়নে গত ৩১ জানুয়ারি ভোটগ্রহণ স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে পুনরায় গত ২০ অক্টোবর তফসিল ঘোষণা করে ইসি।

এ বিভাগের অন্যান্য