নড়াইলের এই মাঠে খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছি: মাশরাফি
সিলেটের সময় ডেস্ক :
মাশরাফি বিন মর্তুজা নড়াইলের নিজের যে খেলার মাঠ থেকে ক্রিকেট অঙ্গনে রাজত্ব করেছেন, সেই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করলেন তিনি নিজেই। মাশরাফি বিন মর্তুজার নিজের গড়ে ওঠা খেলার মাঠ সংস্কার করতে পেরে তিনি খুব খুশি। এ প্রতিক্রিয়ায় তিনি বলেন, নড়াইলের এ মাঠে খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছি।
এমপি মাশরাফি বিন মর্তুজা নিজেই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন।
মাশরাফি বিন মর্তুজা বলেন, এ খেলার মাঠেই আমার ক্রিকেট খেলার হাতেখড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এ মাঠকে ঘিরে। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাঠটিকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করি কিন্তু সরকারি মাঠ হওয়ায় কিছু অফিসিয়াল জটিলতার কারণে বিলম্ব হয়েছে। প্রধানমন্ত্রীর ভালোবাসায় মাঠটির উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ২৫ লাখ টাকা দিয়ে শুরু করেছি। মাঠটি পুরোপুরি উন্নয়ন করতে কমপক্ষে এক কোটি টাকার প্রয়োজন। আশা করি বিভিন্ন ব্যবসায়ী ও সরকারি সহযোগিতায় মাঠটির উন্নয়ন কাজ সম্পন্ন হবে।
তিনি বলেন, খেলাধুলার উপযোগী করতে বেশ কয়েক মাস সময় লাগবে। খেলার উপযোগী হলে এ মাঠ থেকে আরও নতুন নতুন ক্রিকেটারের জন্ম হবে বলে আমি আশা করি। এ মাঠের কাজের জন্য বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান মাশরাফি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমুখ।
