কটাক্ষের শিকার মেসিকে নিয়ে যা বললেন পিএসজি কোচ

খেলাধুলা ডেস্ক ঃ

 

কোচ ক্রিস্তোফার গালতিয়েরর অনুমতি ছাড়াই সৌদি আরব ভ্রমণ করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পিএসজি তারকা লিওনেল মেসি। পরে ক্ষমা চাওয়ায় কমিয়ে আনা হয় মেসির শাস্তি। শনিবার রাতে আজাকিওসের বিপক্ষে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। এদিন দল ৫-০ ব্যবধানের বড় জয় পেলেও কটাক্ষের শিকার হতে হয়েছে মেসিকে। তবে এই কটাক্ষে মেসির কিছু যায় আসে না বলেই বিশ্বাস করেন গালতিয়ের। মেসি এসব প্রতিকূল পরিবেশে অভ্যস্ত বলেও উল্লেখ করেছেন পিএসজি কোচ।

ম্যাচশেষে গালতিয়ের বলেছেন, ‘ম্যাচের শুরুর দিকে মেসি যখন বল স্পর্শ করেছে তখন তাকে উদ্দেশ্য করে দুয়ো দেওয়া হয়। তবে দ্রুতই স্টেডিয়ামের একটি বড় অংশ করতালি এবং উৎসাহ দিয়ে (মেসিকে) সমর্থন জানায়।’

গালতিয়ের আরও বলেন, ‘আমি এটা দেখে বুঝেছি, দলকে নেতৃত্ব দিতে ও সুযোগ তৈরি করতেই মনোযোগী ছিল মেসি। সে এই পরিস্থিতিতে অভ্যস্ত। কারণ, ক্যারিয়ারে বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।’

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। মৌসুম শেষে মেসি যে আর প্যারিসে থাকছেন না সেটি একপ্রকার নিশ্চিতই। পিএসজি সমর্থকদের থেকে কটাক্ষের শিকার এর আগেও কয়েকবার হয়েছেন মেসি। শুধু তিনিই নয়, নেইমারের ওপরও ক্ষুব্ধ সমর্থকরা। ব্রাজিলিয়ান তারকার বাড়ির সামনে বিক্ষোভও করেছিল পিএসজির কিছু সমর্থক।

এদিন আজাকিওসের সঙ্গে জিতে দুইয়ে থাকা লঁসের থেকে ৬ পয়েন্ট এগিয়ে গেল পিএসজি। ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৩ ড্রয়ে পিএসজির ৮১ পয়েন্ট। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লঁস।

এ বিভাগের অন্যান্য