রেকর্ড গড়েও জেতা হলো না বাংলাদেশের, ম্যাচ পরিত্যক্ত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৯ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৬০ বলে শতক হাঁকার মুশফিকুর রহীম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। বাংলাদেশের দেওয়া ৩৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা হয়নি আইরিশদের। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। বাংলাদেশের ইনিংস চলাকালীন খেলা বন্ধের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে বাংলাদেশেল ইনিংস শেষ হতেই নামে বৃষ্টি। পরে ম্যাচটি আর শুরু করা সম্ভব হয়নি। তাই আম্পায়ররা ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন।
প্রথম ওয়ানডেতে ১৮৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় সিরিজের ভাগ্য নির্ধারণ দুদলের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে। আয়ারল্যান্ডের সামনে অবশ্য সিরিজ জয়ের কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার সফরকারীরা জিতলে সিরিজে ভাগ বসাবে তারা।
