ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের
যুক্তরাজ্যের সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি এক মা ও তার কিশোরী মেয়ে। ধারণা করা হচ্ছে, সমুদ্রে বিপদে পড়া পরিবারের এক সদস্যকে উদ্ধার করতে গিয়ে তারা প্রবল স্রোতে তলিয়ে যান।
বুধবার (২২ জুলাই) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ওয়েস্ট মার্সির সিভিউ এভিনিউসংলগ্ন সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২) ও তাদের কন্যা সামিয়া রহমান (১৫)। হাসপাতালে ভর্তি মনসুরের শ্যালিকার ছেলে মুসা আহমেদের (৯) অবস্থা আশঙ্কাজনক।
এসেক্স পুলিশ জানায়, কয়েকজন পানিতে বিপদে পড়েছেন—এমন খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, অ্যাম্বুল্যান্স সার্ভিস, এয়ার অ্যাম্বুল্যান্স এবং আরএনএলআইয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয় সূত্র জানায়, ব্রিটিশ বাংলাদেশি পরিবারটি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের কেউ পানিতে বিপদে পড়লে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরো কয়েকজন স্রোতে আটকা পড়েন। পরে পাঁচজনকে উদ্ধার করা হলেও দুজনকে সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় জোয়ারের পানি দ্রুত বাড়ছিল এবং সমুদ্রে স্রোত ছিল বেশ প্রবল। এ সময় সৈকতের কাছাকাছি থাকা কয়েকজন মুহূর্তের মধ্যে গভীর পানিতে আটকা পড়েন। পরে জরুরি উদ্ধারকারী দল এবং স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়।
