বিশ্বকাপজয়ীদের প্রথমবার ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেবে ফিফা

খেলাধুলা ডেস্ক ঃ

 

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের বিশেষ রিং উপহার দিতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতিতে জনপ্রিয় এই ঐতিহ্যকে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিয়ে আসছে সংস্থাটি।

বৃহস্পতিবার ফিফা এই ঘোষণা দিয়েছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন আগেই এ সিদ্ধান্ত জানানো হলো।

বিশ্বকাপের ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি এবার শিরোপাজয়ী দল পাবে বিশেষভাবে তৈরি এই রিংটি।

এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি সীমিত সংস্করণের রিংটি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি বিশ্বজুড়ে সমর্থকদের জন্য অনুমোদিত পণ্য হিসেবে বিক্রি করা হবে, যাতে ভক্তরাও বিশ্বকাপ ইতিহাসের একটি অংশ নিজেদের কাছে রাখতে পারেন।

প্রতিটি রিংয়ের এক পাশে খোদাই করা থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি। অন্য পাশে থাকবে শিরোপাজয়ী দেশের পরিচয় ও বিশেষ নকশা। প্রতিটি রিংয়ে আলাদা নম্বর থাকবে, খেলোয়াড়দের জন্য মাপ অনুযায়ী তৈরি করা হবে এবং এর সঙ্গে সত্যতা নিশ্চিত করার সনদও দেওয়া হবে।

ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠের উদযাপনের সময় বিজয়ী দলের অধিনায়ক ও কোচকে অস্থায়ী রিং তুলে দেওয়া হবে। পরে দলের ৩০ সদস্যের জন্য আলাদাভাবে মাপ অনুযায়ী স্থায়ী রিং তৈরি করা হবে, যা তাদের এই ঐতিহাসিক অর্জনের স্মারক হয়ে থাকবে।

সোমবারের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয়ভাবে ২–১ গোলে জয় পেয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে এনজো ফের্নান্দেস সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ের শেষ দিকে লাওতারো মার্তিনেস জয়সূচক গোল করেন।

অন্যদিকে, ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন।

এ বিভাগের অন্যান্য