দুই দফায় সরকারি চাকরিজীবীদের টানা ৮ দিনের ছুটির সুযোগ

সিলেটের সময় ডেস্ক :

 

আগামী আগস্ট মাসে দুই দফায় দীর্ঘ ছুটির সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই দুই দফায় মোট আট দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।

প্রথম দফায় টানা চার দিনের ছুটি

আগস্টের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। তবে ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

দ্বিতীয় দফায়ও মিলবে চার দিনের ছুটি

আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।

এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও ওই দিন এক দিনের ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। 

অর্থাৎ আগস্ট মাসে মাত্র দুই দিনের অতিরিক্ত ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশের সুযোগ পাবেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বাড়তি ছুটিসহ টানা সাত দিনের দীর্ঘ অবকাশ পেয়েছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। যাতায়াত নির্বিঘ্ন করতে সে সময় সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।

এ বিভাগের অন্যান্য