শহীদ পরিবারের পাশে থাকবেন প্রধানমন্ত্রী

সিলেটের সময় ডেস্ক :

 

জুলাই জাতীয় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান আরও বলেন, জুলাই জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যরা ও আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

এদিকে সম্মেলন ঘিরে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর পাশাপাশি বিএনপির নেতারা সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেছেন।

জুলাই-আগস্ট ঐতিহাসিক ৩৬ দিন ও গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ছাত্রদলসহ নানা সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।

গত ২৬ জুন রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মধ্যে বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান’ স্মরণ করবে বিএনপি।

গত ২৯ জুন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। জুলাই ১ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই পৌঁছবে পদযাত্রা।

গত ২৮ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান উপলক্ষে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সুনির্দিষ্ট ও ভিন্ন ভিন্ন একাধিক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচির মধ্যে রয়েছেÑ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান, দেশব্যাপী দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ; জুলাই শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, সেমিনার-সিম্পোজিয়াম, ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান, সমাবেশে অংশ নেবেন জামায়াত নেতারা। এ ছাড়া ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন। সেদিনটিকে স্মরণ করতে দেশব্যাপী গণমিছিল পালন করবে দলটি।

এ বিভাগের অন্যান্য