চিতলমারীতে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
সিলেটের সময় ডেস্ক :
বাগেরহাটের চিতলমারীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা পরিমল ভক্তকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) শিশুটির বাবা চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গ্রেফতার পরিমল ভক্তের ছেলে ভুক্তভোগী শিশুটির সঙ্গে একই শ্রেণিতে পড়াশোনা করে। রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে শিশুটি তার সহপাঠীকে ডাকতে পরিমলের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে পরিমল শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম জানান, এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
