ঈদের দিন সিলেটে কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

সিলেটের সময় ডেস্ক :

 

আগামী ২৮ মে বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার উপর ভিত্তি করে ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

গেল কয়েক দিন ধরে সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বেড়েছে তাপমাত্রাও। তাই ঈদুল আযহার দিন আবহাওয়া কেমন থাকবে এ নিয়ে নানা জল্পনা রয়েছে সিলেটবাসীর মনে। আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে ঈদে সিলেটের আবহাওয়া খুব একটা অনুকুলে থাকবে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদুল আযহার দিন সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর প্রবল আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে। সিলেট বিভাগে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পাশাপাশি এ মাসে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে যার মধ্যে অন্তত ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আর এই বৈরী আবহাওয়ার মধ্যেই সিলেটবাসীকে ঈদ উদযাপন করা লাগতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর।

ঈদের সময়ের আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে কালবৈশাখী ঝড়ের মৌসুম চলায় ঝড়-বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। মে মাসের শেষের দিকে দেশের দু-একটি অঞ্চলে বৃষ্টির আভাস থাকলেও কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হবে তা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।’

এ বিভাগের অন্যান্য