যুক্তরাষ্ট্রে ৯০টি দেশকে পেছনে ফেললেন বাংলাদেশি শিক্ষার্থীরা
সিলেটের সময় ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস সেজে ওঠে বর্ণীল সাজে। ৯০টি দেশের শিক্ষার্থীরা তুলে ধরেন নিজের সংস্কৃতি। এর মধ্যে জুরিবোর্ডের রায়ে প্রথম পুরস্কার জিতে নেয় লাল সবুজের বাংলাদেশ স্টল।
সম্প্রতি মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির ৩৪তম আন্তর্জাতিক ফিয়েস্তা উৎসব-২০২৬-এ এমন অর্জন করেন বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশি শিক্ষার্থীরা।
মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, ফিয়েস্তা উপলক্ষে তারা আয়োজন করেন বাংলাদেশি খাবারের। এতে ছিল ম্যাঙ্গো লাচ্চি, গোলাপ জামুন, কাবাব, সিঙাড়া, সমুচাসহ নানা মুখরুচোক বাংলাদেশি খাবার। ছিল বাংলাদেশি সংস্কৃতির বর্ণিল উপস্থাপনা। পহেলা বৈশাখ থিমে সাজানো হয় স্টল। জুরি বোর্ডের সদস্যসহ অনেকেই বাংলাদেশি খাবারের প্রেমে পড়ে যান। প্রফেসর ড. মোহাম্মদ মারুফুজ্জামান এবং মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশি কমিউনিটির (বিএএমএসইউ) নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রথম পুরস্কার গ্রহণ করা হয়।
বিএএমএসইউ সভাপতি ড. এরশাদ আহমেদ বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত সম্মান এবং গর্বের। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এ জন্য বাংলাদেশি কমিউনিটির সবাইকে ধন্যবাদ।’
