তারেক রহমানের নেতৃত্বেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের
সিলেটের সময় ডেস্ক :
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের প্রতি সারাদেশের মানুষ অত্যন্ত আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে… এই বিশ্বাস আমাদের সকলের আছে।’
তিনি বলেন, ‘আমরা আজকের দিনে দেশবাসীকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।’
সমবায় মন্ত্রী বলেন, ‘আজকে সম্পূর্ণ একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। দীর্ঘ ১৫/১৬ বছর ফ্যাসিস্টের যাতাকালে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে। প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজারের মতো নেতাকর্মী শহীদ হয়েছেন, প্রায় ১৭শ নেতাকর্মী গুম হয়ে গেছে।’
সমস্ত নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে গেছে এবং সবশেষে জুলাই ছাত্র-জনতার অভুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার সুযোগ সৃষ্টি করেছে, যোগ করেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, ‘আজকে আমাদের নেতা তারেক রহমান যিনি দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাসিত থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন এই নির্বাচন থেকে শুরু করে পূর্বে পর্যন্ত এবং আজকে নির্বাচনের পরে সরকার গঠন করার পরে তিনি তার সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। মাত্র এক মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছেন।’
এ সময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তারেক রহমানের ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের মাসিক ভাতা প্রদান, খাল খনন কর্মসূচি, প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ এবং পহেলা বৈশাখ ফার্মার্স কার্ড প্রদানের কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পনের পরে দলের চেয়ারম্যান হিসেবে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ নেতৃবৃন্দকে নিয়ে পুস্পমাল্য অর্পন করেন। পরে তারা মোনাজাতে অংশ নেন।
