বিবাহবার্ষিকীর আগেই বিচ্ছেদের ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
খেলাধুলা ডেস্ক ঃ
ভারতের লেগ স্পিনার রাহুল চাহার শুক্রবার তার স্ত্রী ঈশানি জোহারের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘোষণা এসেছে তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর কয়েকদিন আগে। এর আগে ২০২২ সালের ৯ মার্চ গোয়ায় মাত্র ২২ বছর বয়সে ঈশানিকে বিয়ে করেছিলেন রাহুল।
ভারতের হয়ে সবশেষ ২০২১ সালে খেলা এই স্পিনার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, গত ১৫ মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় আদালতে দীর্ঘ সময় কাটাতে হয়েছে এবং এ অভিজ্ঞতা তাকে এমন জীবনপাঠ শিখিয়েছে, যা তিনি কখনও কল্পনাও করেননি।
তিনি লেখেন, ‘খুব অল্প বয়সে আমি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, যখন নিজেকে, নিজের মূল্য কিংবা আমি কেমন জীবন গড়তে চাই—সেগুলো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এরপর এমন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, যা কল্পনাও করিনি। গত পনেরো মাস আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে ধৈর্য, সহনশীলতা ও সত্য থেকে শক্তি পাওয়ার শিক্ষা নিয়েছি।’
আরও যোগ করেন, ‘আজ আমার জীবনের সেই অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি নিষ্পত্তি হয়েছে—যার জন্য আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। তবে আমি এই অধ্যায়টি শেষ করছি রাগ বা অনুতাপ নিয়ে নয়, বরং স্পষ্ট উপলব্ধি নিয়ে। কিছু সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য নয়; তারা আমাদের জাগিয়ে তোলে, শিক্ষা দেয় এবং বদলে দেয়।’
ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে সাতবার প্রতিনিধিত্ব করা রাহুলকে আগামী মাসে আইপিএলে খেলতে দেখা যাবে। গত বছর আইপিএল ২০২৬ নিলামে তাকে ৫.২ কোটি রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।
গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি, যেখানে কোনো উইকেট পাননি। এখন পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ৭৯ ম্যাচে ৭৫ উইকেট নিয়েছেন রাহুল। এছাড়া ২০১৯ ও ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপাজয়ী দলে ছিলেন তিনি।
