ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে

সিলেটের সময় ডেস্ক :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশে টানা তিন দিন মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা দেশের কোথাও মোটরসাইকেল চলতে পারবে না। এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও কঠোর নজরদারি থাকবে বলেও জানানো হয়েছে।

তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাচন কাজে যুক্ত যানবাহন এবং জরুরি সেবাদানকারীরা নির্দিষ্ট অনুমতির ভিত্তিতে চলাচল করতে পারবেন।

এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত।

কর্তৃপক্ষ বলছে, ভোটের পরিবেশ শান্ত রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই কঠোর সিদ্ধান্ত। বিশেষ করে মোটরসাইকেল ব্যবহার করে সহিংসতা বা বিশৃঙ্খলার ঝুঁকি কমাতে আগেভাগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই ভোটের আগে যারা বাইকে চলাফেরা করেন, তাদের বিকল্প পরিকল্পনা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সবশেষে ভোটারদের যাতায়াত সহজ করতে ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল স্বাভাবিক সময়সূচিতেই চলবে, বরং ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম। নিরাপত্তার কারণে ভোটকেন্দ্রের একেবারে পাশে থাকা কিছু স্টেশনের গেট বন্ধ থাকবে, অন্য গেটগুলো খোলা থাকবে। নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল সংশ্লিষ্ট সবার ছুটিও বাতিল করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য