শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ান-আজমিনার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার ১০ বছর, তার বোন শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের চার বছর, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম দুই মামলার রায় ঘোষণা করেন। একইসঙ্গে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর নামে বরাদ্দকৃত প্লট বাতিল করতে রাজউককে নির্দেশ দেন আদালত।
শেখ হাসিনা বাদে অন্যরা হলেন- সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারীসচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক সহকারি পরিচালক মাজহারুল ইসলাম, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন এবং সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.)।
এদিন সকাল ১১ টা ৩৯ মিনিটে কারাগারে আটকা থাকা খুরশীদ আলমকে পুলিশ প্রহরায় আদালতে তোলা হয়।
দুই মামলার সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার পৃথক দুটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে রূপন্তীসহ ১৬ জন এবং ববিসহ ১৬ জনের নামে দুটি মামলা করে দুদক।
