ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে
বিচার ও বিচার বিভাগ মানবসমাজের ন্যায় ও শৃঙ্খলার ভিত্তি। কোনো জাতি তখনই টিকে থাকে, যখন সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকে। অন্যায় বা প্রহসনের বিচার সমাজে অবিচার, বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে আনে। ইসলাম ন্যায়বিচারকে শুধু রাষ্ট্রব্যবস্থার অংশ নয়, বরং ইমানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে।
রসুলুল্লাহ (সা.)-এর দৃষ্টিতে বিচারকার্য : রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বিচারকদের মধ্যে তিন ধরনের মানুষ থাকবে : এক ধরনের বিচারক জান্নাতে, আর দুই ধরনের বিচারক যাবে জাহান্নামে। যে ব্যক্তি সত্য জেনে ন্যায়বিচার করে, সে জান্নাতে যাবে।
ন্যায়বিচারের সুফল : ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি, আস্থা ও নিরাপত্তা ফিরে আসে। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ন্যায়পরায়ণ শাসকরা আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। যেদিন কোনো ছায়া থাকবে না।’ (সহিহ মুসলিম)। ন্যায়বিচার রাষ্ট্রে বিশ্বাসযোগ্যতা ও ঐক্য প্রতিষ্ঠা করে। ন্যায়নিষ্ঠ শাসক বা সত্যপরায়ণ বিচারক আল্লাহর কাছে সম্মানিত ও প্রিয় ব্যক্তি।
প্রহসনের বিচারের কুফল : অন্যদিকে যখন বিচার প্রহসনে পরিণত হয়, তখন সমাজে অরাজকতা ও অন্যায় বেড়ে যায়। আস্থা বিশ্বাস হ্রাস পায় শাসকদের প্রতি। রসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, ‘তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এ কারণে যে তারা ধনীদের অপরাধে ছাড় দিত এবং গরিবদের শাস্তি দিত।’ (সহিহ বুখারি. হা. ৬৭৮৮)। এ ধরনের বিচারব্যবস্থা আল্লাহর গজব ও সামাজিক পতনের কারণ। কোরআনে বলা হয়েছে, যখন আমরা কোনো জনপদ ধ্বংস করতে চাই, তখন তার অহংকারী লোকদের আদেশ দিই (ন্যায়ের পথে চলতে), কিন্তু তারা সেখানে অবাধ্যতা করে; ফলে সেই জনপদের ওপর আমার শাস্তির আদেশ প্রযোজ্য হয় এবং আমি সেটিকে চূর্ণবিচূর্ণ করে দিই।’ (সুরা আল ইসরা, আয়াত- ১৬)
ইহকাল ও পরকালের পরিণতি : ন্যায়বিচার রাষ্ট্রে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা আনে। অন্যায় বিচার মানুষের আস্থা নষ্ট করে, অপরাধ ও দুর্নীতি বাড়ায়। পরকালের জন্য নির্ধারিত হয় ভয়াবহ শাস্তি। আল্লাহতায়ালা বলেন, ‘সেদিন আল্লাহ ন্যায়বিচারের সঙ্গে বিচারকার্য সমাধা করবেন, এবং কারও প্রতি সামান্যতম অন্যায় করা হবে না।’ (সুরা আজ-যুমার, আয়াত-৬৯)। অতএব যে ব্যক্তি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে, সে পরকালে পুরস্কৃত হবে; আর যে অন্যায় করবে, সে জবাবদিহিতে ব্যর্থ হবে। ইসলাম এমন একটি বিচারব্যবস্থা চায়- যা আল্লাহভীতি, ন্যায় ও সত্যের ওপর প্রতিষ্ঠিত। বিচারক ও শাসকরা যদি এই দায়িত্ব আমানত হিসেবে গ্রহণ করেন, তবে সমাজে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন আসবে। কিন্তু যদি বিচার প্রহসনে পরিণত হয়, তবে সমাজ ধ্বংস এবং পরকালে ভয়াবহ পরিণতি অবশ্যম্ভাবী। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমান ও রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।
