যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, যা বলছে কর্তৃপক্ষ
যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর কয়েকটি পিলারে ফাটলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উদ্বোধনের এক বছরের ব্যবধানে এমন ফাটল দেখা দেওয়ায় নির্মাণক্রটি এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নানা মন্তব্য করা হচ্ছে ফেসবুকে।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে এমন অবস্থা হলেও যমুনা রেলসেতু কর্তৃপক্ষ বলছে, এটা ফাটল নয় বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট হেয়ারক্রাক বা চুল আকৃতি ফাঁকা।
যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী নাইমুল হক বলেন, ‘রেলসেতুর পশ্চিম প্রান্তের ৮-১০টি পিলারের নিচের অংশে কিছু জায়গায় চুল আকৃতি ফাঁকা বা হেয়ার ক্র্যাক দৃশ্যমান হয়েছে।
তিনি আরো বলেন, ‘এটি নির্মাণ কাজের কোনো ক্রটি নয়, আবার হানিকম্ব হয়েছে সেটাও নয়। মূলত প্রচণ্ড গরম বা বৈরী আবহাওয়ায় সেতুর পিলারে শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির হেয়ার কাট বা চুল আকৃতির ফাঁকা সৃষ্টি হয়েছে।
চলতি বছরের ১৮ মার্চ দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্রাকের ডুয়েল গেজের ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ রেল সেতুর উদ্বোধন করা হয়। এতে রেলপথের সম্ভাবনাময় অগ্রযাত্রার এক নতুন দ্বার উন্মোচন হয়।
