সবজির দাম নাগালের বাইরে
সিলেটের সময় ডেস্ক :
রাজধানীর খুচরা বাজারে নাগালের বাইরে বেশির ভাগ সবজির দাম। কারণ হিসেবে বলা হচ্ছে সরবরাহ সংকটের কথা। বর্তমানে বেগুন, করলা, কাঁকরোল, বরবটিসহ প্রায় সব ধরনের সবজির দাম ধরাছোঁয়ার বাইরে। পটোল ও ঢেঁড়সের মতো সবজিও ১০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা, মহাখালী কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ১০০ থেকে ১২০ টাকা, গোল বেগুন মানভেদে ১৪০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, পটোল ৮০ থেকে ৯০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, গাজর ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, শসা ৮০ টাকা, ঝিঙা ৯০ থেকে ১০০ টাকা, ধুন্দল ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা, শিম মানভেদে ২২০ থেকে ২৫০ টাকা, কাঁচা মরিচ ৩২০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং মিষ্টিকুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর রামপুরা কাঁচাবাজারে কথা হয় মো. সুরুজ আলীর সঙ্গে। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এখন বাজারে আগাম শীতকালীন সবজি আসা শুরু হয়েছে। বাজারেও সবজির তেমন কোনো ঘাটতি নেই।
রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান বলেন, ‘বাজারে শীতের আগাম কিছু সবজি আসা শুরু হলেও এবার টানা বৃষ্টির কারণে উৎপাদন কম হয়েছে, যার কারণে বাজারে এখন সবজির দাম চড়া। আবার কিছুদিন পর যখন ব্যাপকহারে শীতের সবজি আসবে তখন দাম অনেকটাই কমে আসবে।
বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর খুচরা বাজারে এখন চড়া দামেই মাছ ও মুরগি বিক্রি হচ্ছে। কেজিপ্রতি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি মানভেদে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের রুই মাছ ৩৮০ থেকে ৪৫০ টাকায়, মাঝারি সাইজের কাতল ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বড় সাইজের তেলাপিয়া ২৫০ থেকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। তবে ডিমের দাম কিছুটা নাগালে রয়েছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম ১৩০ থেকে ১৩৫ টাকা।
রাজধানীর বাজারগুলোতে খোলা আটা ও দেশি মসুর ডাল এখনো বাড়তি দরেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি খোলা আটা ৫০ টাকা এবং দেশি (ছোট দানা) মসুর ডাল ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৩০ টাকা, আমদানিকৃত রসুন ১৪০ থেকে ১৫০ টাকা, দেশি আদা ২০০ থেকে ২২০ টাকা ও চায়না আদা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
