সবজির বাজারে উত্তাপ কমছেই না, চড়া দাম মাছ-মুরগির
সবজির বাজারে উত্তাপ কোনোভাবেই কমছেই না। আলু ও পেঁপে ছাড়া প্রায় সব সবজি আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এ ছাড়া চাল, মুরগি ও মাছের চড়া দামে ক্রেতাদের নাভিশ্বাস। বিশেষ করে ভরা মৌসুমে ইলিশের দাম আকাশচুম্বী।
বাজার ঘুরে দেখা গেছে, নতুন গোলাকৃতির বেগুন বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা কেজি দরে। বরবটি, করলা, চিচিঙ্গা, কচুর লতি বাজারভেদে দাম ১০০-১২০ টাকা পর্যন্ত।
এদিকে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজিতে ১০-২০ টাকা বেড়ে ১৮০-২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে প্রকারভোদে কমেছে ডিমের দাম।
চালের বাজার ঘুরে দেখা গেছে, বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল ৭২ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চালের দাম এখন ৭৫-৯৫ টাকা। ব্রি-২৮ চাল ৬২ টাকা ও মোটা ধরনের স্বর্ণা চাল ৫৮-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ভরা মৌসুমে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। ৫০০-৭০০ গ্রাম ইলিশ মিলছে ১৫০০ টাকায়, এক কেজির কিছু কম ওজনের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকায় এবং বড় ইলিশ (২ থেকে ২.৫ কেজি) বিক্রি হচ্ছে ৩০০০-৩৫০০ টাকায়।
এ ছাড়া আজকের বাজারে কোরাল বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়, আইড় ৬০০ থেকে ৭৫০ টাকায়। চিংড়ি (বাগদা ও গলদা) আকারভেদে ৭৫০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট চিংড়ির দাম কেজিপ্রতি প্রায় ১০০০ থেকে ১২০০ টাকা। খাল-নদী ও চাষের মাছের মধ্যে রুই ও কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, ছোট আকারের পাবদা ৪০০ টাকা, মাঝারি সাইজের ৫০০-৬০০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, পুঁটি ২০০-২৫০ টাকা, সরপুঁটি ৩০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০-৩০০ টাকা, নাইলোটিকা ২২০-২৮০ টাকা, কৈ ২০০-২২০ টাকা এবং পাঙাস ও সিলভার কার্প ২৫০–২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
