পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহের টেন্ডার বাতিলের নির্দেশ
কয়লা সরবরাহে ব্যপক অনিয়মের অভিযোগে পটুয়াখালী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ বছর মেয়াদি টেন্ডার বাতিলের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির অপারেটর প্রতিষ্ঠান আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডকে (আরএনপিএল) এই নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে যত দ্রুত সম্ভব একটি নতুন দরপত্র আহ্বানে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দরপত্রে চুক্তির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ২ বছর করতে বলা হয়েছে।
আদেশটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান, আরএনপিএল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার ব্যক্তিগত সচিব এবং বিদ্যুৎ সচিবকে জানানো হয়েছে।
এর আগে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে সংবাদ প্রচার হলে চলতি বছরের ১১ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, দরপত্রে এমন কিছু শর্ত ছিল যা শুধু একটি দরদাতা সিঙ্গাপুর-ভিত্তিক ইয়ংটাই এনার্জি প্রাইভেট লিমিটেডকে সুবিধা দিয়েছিল।
