বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে বাংলাদেশকে আসিয়ান সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করতে দেশটির সহায়তা চাওয়া হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) সহ-সভাপতি ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহ আনোয়ার তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার বেশিরভাগ দেশেই দ্রুত বয়স বাড়ছে।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে আরো বলেন, মালয়েশিয়া এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের আবেদন বাস্তবায়নে সহায়তা করবে যাতে বাংলাদেশ পর্যায়ক্রমে আসিয়ানের পূর্ণ সদস্য হতে পারে।
সাক্ষাতের শুরুতে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা নুরুল ইজ্জাহকে তার রাজনৈতিক দলের সহ-সভাপতি পদে মনোনয়ন পাওয়ার জন্য অভিনন্দন জানান।
তিনি বলেন, আপনাকে অভিনন্দন জানাই। আপনি আপনার রাজনৈতিক দলে সহ-সভাপতি হয়েছেন।
তিনি বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করেছে। এটি ছিল তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন, পরে সর্বস্তরের মানুষ এতে যুক্ত হয়।
তিনি আরো বলেন, জুলাই বিদ্রোহের চেতনায় রাস্তাঘাট, দেয়াল রাঙিয়ে দিয়েছে ছাত্রসমাজ।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
