পুলিশ কর্মকর্তাদের ৭ জরুরি নির্দেশনা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি-বদলি তদবিরের লাগাম টানছে সরকার। পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে পুলিশ কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কর্মস্থল ছেড়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশ করছেন পুলিশের কিছু সদস্য।
আবার কিছু ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এড়িয়ে অন্য মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়ে যোগাযোগ করা হচ্ছে।
নির্দেশনাগুলো হলো—১. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না। ২. পদোন্নতি ও অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে হবে। ৩. যথাসময়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাতে হবে। ৪. বহিঃ বাংলাদেশ ছুটির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে পাঠাতে হবে। ৫. চিকিৎসাজনিত বহিঃ বাংলাদেশ ছুটির জন্য বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের প্রত্যয়নপত্র ও চিকিৎসা প্রতিবেদন যাচাই করে পাঠাতে হবে। ৬. আন্ত মন্ত্রণালয় যোগাযোগের ক্ষেত্রে ‘রুলস অব বিজনেস’ মানতে হবে। ৭. প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস আইডিতে প্রবেশ করে হালনাগাদ রাখতে হবে।
