রেকর্ড গড়ায় আইসিসির সুখবর পেয়েছেন শান্ত
রেকর্ড গড়ার পুরস্কার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। গল টেস্টে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১৬তম অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করায় আজ র্যাংকিংয়ে সুখবর পেয়েছেন শান্ত। টেস্ট ব্যাটারদের তালিকায় ২১ ধাপ এগিয়েছেন তিনি।
বর্তমানে শান্তর পজিশন ২৯ নম্বরে।
ঘরের মাঠ গলে ১৮৭ ও ২৪ রানের ইনিংস খেলা পাথুম নিশাঙ্কার উন্নতি হয়েছে ২১ ধাপ। শ্রীলঙ্কার এই ওপেনার আছেন ৩১ নম্বরে। শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন না হলেও পরের দুই পজিশনে পরিবর্তন এসেছে।
উন্নতি হয়েছে লিডসে সেঞ্চুরি পাওয়া আরো তিন সেঞ্চুরিয়ান ওলি পোপ, শুবমান গিল ও লোকেশ রাহুলের। ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে আছেন ইংল্যান্ডের ব্যাটার পোপ। অন্যদিকে ৫ ধাপ এগিয়ে ২০ নম্বরে থাকা ভারতের অধিনায়ক গিলের বিপরীতে ১০ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আছেন রাহুল।
বোলাদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে প্রথমবারের মতো বিদেশের মাঠে ৫ উইকেটের কীর্তি গড়া নাঈম হাসানের। বাংলাদেশি অফস্পিনার ৬ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে আছেন। উন্নতি হয়েছে ৩ উইকেট নেওয়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদেরও। ৫ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের সঙ্গে ৫৪ নম্বরে আছেন তিনি। অন্যদিকে গলে না খেলেও এক ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। তবে বাংলাদেশের মধ্যে শীর্ষে থাকা তাইজুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন।
শীর্ষ নয়ে কোনো পরিবর্তন নেই। যথারীতি ৯০৭ রেটিংয়ে চূড়ায় আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষ চারে কোনো রদবদল নেই। ৩৭৬ পয়েন্টে এক নম্বরে থাকা রবীন্দ্র জাদেজার পর ক্রমানুযায়ী আছেন মিরাজ, মার্কো ইয়ানসেন ও প্যাট কামিন্স। তবে ৩ ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
