দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আমীর খসরু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। ওনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন।
শুক্রবার (২০ জুন) বাদ আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী ২২ জুন বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছে। চীন সফরে দুই দেশের বহু পুরোনো সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
