জনতার মেয়র হয়ে ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকার ঘোষণা ইশরাকের
নিজেকে জনতার মেয়র হিসেবে মনে করে এবার কোরবানির ঈদের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ ছাড়া তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন বলেও ঘোষণা দেন।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ইশরাক হোসেন।
ওই পোস্টে লেখেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র হয়েছিলেন শেখ ফজলে নূর তাপস। এই নির্বাচনে মেয়র পদে তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন ইশরাক হোসেনও। ওই নির্বাচনে সোয়া চার লাখ ভোট পান তাপস।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।
এদিকে গেজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ ও ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।
গত ১৪ মে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ।
বৃহস্পতিবার (২২ মে) সকালে রিটটি খারিজ করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়চৌধুরীর বেঞ্চ। এদিন সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭ পৃষ্ঠার এ আদেশ প্রকাশ করা হয়। ফলে শপথ পড়াতে বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবীরা। অপরদিকে রিটকারী আইনজীবী কাজী আকবর আলী বলেছেন, আপিলের রায় না দেওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না।
