হজযাত্রীদের ফ্লাইট শুরু ২৯ এপ্রিল থেকে
আগামী ২৯ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে এবং চলবে ৩১ মে পর্যন্ত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনাবিষয়ক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, এ বছর ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করবেন। হজযাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট হজযাত্রীর (৫০%) ৪৩ হাজার ৫৫০ জন এবং সৌদিয়া এয়ারলাইনস (৩৫%) এবং ফ্লাইনাস এয়ারলাইনস (১৫%) অবশিষ্ট ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী পরিবহন করবে।
সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোডকরণ, হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজযাত্রীদের পরিবহন সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
হজ পরিবহন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইনস, হজ এজেন্সির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
