খুনি হাসিনা ভারতে বসে বারবার উসকানি দিচ্ছেন : জামায়াত সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, খুনি হাসিনা ভারতে বসে ভারতের তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বারবার উসকানি দিচ্ছেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। এটা অসত্য কথা। মুখপাত্রের এই বক্তব্যের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় নীতির কোনো মিল নেই।
ভারতের চরম সম্প্রদায়িক একটি রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। এই বিজেপির শাসকগোষ্ঠী শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে নৈরাজ্য সৃষ্টি করে হাসিনাকে আবার এ দেশে আনার ষড়যন্ত্র করছে। তিনি আজ শনিবার দুপুরে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় মোক্তারপাড়ার ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছাদেক আহামাদ হারিছ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীকে আহ্বান জানিয়ে আরো বলেন, ‘গত ১৫ বছরের রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ, জুলুম, নির্যাতন, মানুষের ন্যায়বিচারের ওপর আঘাত, মানুষের আহাজারির ফলে ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে ৫ আগস্ট খুনি হাসিনা বিদায় নিয়েছেন। কিন্তু ৫ আগস্টের সংগ্রামী চেতনা মুছে যায়নি। তরুণ ছাত্ররা যখনই হাসিনার উসকানি পায় তখন তারা হয়তো একটু বিক্ষুব্ধ হয়ে ওঠে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরো বলেন, এখন দেশের বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটছে তা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। সরকারের উচিত জননিরাপত্তা নিশ্চিত করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা। দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসন প্রয়োজন।
