‘যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, তারপরও আন্দোলন কেন’
সিলেটের সময় ডেস্ক :
রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি তা যতটুকু পূরণ করা সম্ভব, তা করা হয়েছে। এরপরও তারা আন্দোলন করছে কেন?’
আজ মঙ্গলবারসচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন রাখেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি তা যতটুকু পূরণ করা সম্ভব, তা করা হয়েছে। এরপরও তারা আন্দোলন করছে কেন? মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি।’
ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এর বাইরে যেসব দাবি তা পূরণ করা সম্ভব না। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।’
সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘এটি দেওয়া হবে কী হবে না; এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা অনেক আগের সিদ্ধান্ত ছিল।’
এ সময় রোজায় যেন নিত্যপণ্যের কোনো ঘাটতি না হয়, সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করার কথা জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
