সৌদি পৌঁছল ৬৭ হাজার হজযাত্রী, আরো এক বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ করতে সৌদি আরব গিয়ে আরো একজন বাংলাদেশি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) শেখ আরিফুল ইসলাম নামে ওই হজযাত্রী মক্কায় মারা যান। তার বাড়ি ঢাকার রামপুরায়। এ নিয়ে মক্কা ও মদিনায় ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
বুলেটিনের তথ্য মতে, পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬৭ হাজার ১৩৮ বাংলাদেশি হজযাত্রী। মোট ১৭২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ২৩৮ জন।
গত ৯ মে থেকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে।
সৌদি আরবে গতকাল বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১৬ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
