ইভ্যালির রাসেল-শামীমার এক বছরের কারাদণ্ড
চেক প্রতারণার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২ জুন) চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ ৭ম আদালতের বিচারক মো. মহিউদ্দীন এ আদেশ দেন।
রায়ের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম। তিনি বলেন,‘২০২১ সালের ২ অক্টোবর ইভ্যালির এক গ্রাহক চেক ডিজঅনারের অভিযোগ এনে দুইজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছিলেন।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা।
