ভুল চিকিৎসা বলার অধিকার কারোরই নাই : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা অত্যন্ত ন্যক্কারজনক। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে নারী চিকিৎসকদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না।
আজ বুধবার (১ মে) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
সামন্ত লাল সেন বলেন, ‘ভুল চিকিৎসা বলার অধিকার আপনার বা আমার কারোরই নাই।
বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের চিকিৎসকদের মেধা ও দক্ষতা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম না।’ তিনি জোড়া মাথার যমজ শিশু রোকেয়া-রাবেয়ার অপারেশনের উদাহরণ টেনে বলেন, ‘যদিও ওই অপারেশনে হাঙ্গেরির চিকিৎসকরা ছিলেন, তবে আমাদের দেশের নিউরোসার্জনরাই সেখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।’
তিনি বলেন, ‘প্রথম যখন ঢাকা মেডিক্যাল কলেজে বাচ্চা দুটির এন্ড্রোভাস্কুলার সেপারেশন হয়, সেই রাতের ৩টা-৪টা পর্যন্ত আমি নিজের চোখে আমাদের এনেস্থেটিক ও নিউরোসার্জনদের ইচ্ছা, দক্ষতা ও সামর্থ্য দেখেছি, যা আমাকে বিস্মিত করেছে।
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, নিনস্-এর যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম প্রমুখ।
সূত্র : বাসস
