পুরো দেশ এখন জুলুমের নগরী: মির্জা ফখরুল
সিলেটের সময় ডেস্ক :
পুরো দেশ এখন জুলুমের নগরীতে পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি এ কথা বলেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী অতি মাত্রায় বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে। নির্বিচারভাবে কারাগারে বন্দী করা হচ্ছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশটাকে আওয়ামী লীগের জমিদারী বানানো হয়েছে। সারাদেশটাই এখন জুলুমের নগরী।’
তিনি আরও বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ। আইনের শাসন ও সুশাসন দেশ থেকে চিরতরে বিদায় করে জনগণকে অত্যাচার আর উৎপীড়নের মধ্যে রাখা হয়েছে। যাতে কেউ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমে আসতে না পারে। এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা ও নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে ভীতি ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে। সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় ও অবিলম্বে হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাই।’
২০১৫ সালের জানুয়ারি মাসে রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো ও তাদেরকে কর্তব্য পালনে বাধা দেওয়া মামলায় গত বছরের ২০ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালত হাবিব-উন নবী খান সোহেলসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছিলেন। হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে ২০১৭ সালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে এই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই তিন মামলাকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দেন বিএনপি মহাসচিব।
