বিএনপির কর্মকাণ্ডে হতবাক ব্যবসায়ীরা
প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা পণ্য বর্জনের প্রচারের বিষয়টিকে নিজের পায়ে নিজেই কুড়াল মারার সমান বলে মনে করছেন দেশের ব্যবসায়ীরা। তাঁরা বলেন, যাঁরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাঁরা নিজেদের হীন স্বার্থে দেশের ক্ষতি করছেন। বাংলাদেশ ভারত থেকে পণ্য আনে নিজেদের স্বার্থে, ভারতকে ভালোবেসে নয়। পোশাক খাতের কাঁচামালের বড় অংশ আসে দেশটি থেকে।
বাংলাদেশে নিত্যপণ্য চাল, ডাল, পেঁয়াজ, চিনির বেশির ভাগ আসে ভারত থেকে। অথচ অন্যদিকে সরকার দেশটির সঙ্গে বাণিজ্য বাধা সহজ করে দেশটির ওপর দিয়ে নেপাল-ভুটানে পণ্যপরিবহন সহজ ও মুক্ত বাণিজ্য বড় করার কথা ভাবছেন।
জানতে চাইলে আইবিসিসিআই প্রথম সহসভাপতি এম শোয়েব চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ভোগ্য পণ্যসহ পোশাক খাতের কাঁচামাল সুতা, তুলা, বিভিন্ন কারখানার যন্ত্রপাতি ইত্যাদি ভারত থেকে বেশি আমদানি করা হয়। দেশটি থেকে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্য আমদানি ব্যাহত হলে দেশের বাজারে সেসব পণ্যের দাম হু হু করে বাড়ে। পেঁয়াজ ও চিনি এর উজ্জ্বল দৃষ্টান্ত। ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় ৩৫ টাকার পেঁয়াজের দাম ২০০ টাকা বেশি হয়ে যায়। কাজেই সরকারবিরোধী যেসব রাজনৈতিক দল এই প্রপাগান্ডা করছে, তারা দেশ ও দেশের মানুষের ক্ষতি করছে।
