ওয়াটসনকে ২২ কোটি টাকার প্রস্তাব পাকিস্তানের
খেলাধুলা ডেস্ক ঃ
অস্ট্রেলিয়ান সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে পাকিস্তান হেড কোচ হিসেবে চায়, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, কোচ হওয়ার জন্য এবার নাকি বছরে ২০ লাখ মার্কিন ডলার বেতনের প্রস্তাব দেয়া হয়েছে এই তারকাকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের কোচ হলে প্রতি মাসে ১ লাখ ৬৫ হাজার ডলারের বেশি বেতন পাবেন ওয়াটসন, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮৩ লাখ টাকা!
এর আগে গত নভেম্বরে বিশ্বকাপের পর হেড কোচের পদ থেকে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরিয়ে দেয় পাকিস্তান। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তান দলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে অন্তর্বর্তী কোচের কাজ চালিয়ে যান মোহাম্মদ হাফিজ। এই দুই সিরিজ শেষ হওয়ার পর তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেয় পিসিবি।
পরবর্তীতে পরিবর্তন আসে পিসিবির চেয়ারম্যান পদেও। রমিজ রাজা, জাকা আশরাফ হয়ে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় পদের দায়িত্ব নেন মহসিন নাকভি।
তবে পাকিস্তানের গণমাধ্যমের খবর, পিসিবির এতো রদবদল নিয়ে চিন্তিত ওয়াটসন। আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারটা একটু স্থিতিশীল রাখতে চান তিনি। এ কারণে পাকিস্তানে আসার আগে থেকেই চিন্তিত তিনি।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, ওয়াটসন নিজের পরিবারের কথাও ভাবছেন। নিজ পরিবার ছেড়ে এতো দূরে কোচিং করানোর দোটানা কাজ করছে তার মধ্যে। জানা এছে, ওয়াটসন পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলে ড্যারেন স্যামি অথবা মাইক হেসনের দ্বারস্থ হতে পারে পিসিবি।
