ভোটের দিন ‘গণকারফিউ’ পালনের আহ্বান গণঅধিকার পরিষদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) সারাদেশে ‘গণকারফিউ’ ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে ৬ জানুয়ারি হরতালের ডাক দিয়েছে।
আজ শুক্রবার পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশ থেকে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
নির্বাচন বর্জন ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে গণঅধিকার পরিষদ।
নুরুল হক নুর বলেন, ‘ভারতীয় মদদে দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে আফ্রিকা অঞ্চলের মতো ব্যর্থ অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য আওয়ামী লুটেরারা আগামী ৭ই জানুয়ারি ভাগ বাটোয়ারার নির্বাচন আয়োজন করছে। দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণ এই ভাগবাটোয়ারার নির্বাচন বর্জন করেছে, কোন বিরোধী দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। কেউ ৭ তারিখ ভোটকেন্দ্রে যাবেন না।
নুর বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের ৭০ শতাংশ মানুষ সঞ্চয় ভেঙে বাড়তি খরচ মেটাচ্ছে, অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে আর সরকারি দলের লোকেরা উন্নয়নের নামে লুটপাট করছে।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
